top of page

0018# খিদে‌র ঊর্ধ্বে কেউ নয়

  • Writer: Sutarang Prakashana
    Sutarang Prakashana
  • Aug 27, 2020
  • 1 min read

সৈয়দ নৌসাদ আলী




সম্পাদক - শেরপা সাহিত্য পত্রিকা

কাব্য‌গ্ৰন্হ - চারটি

উদ‍্যোক্তা - মালদা কবিতা উৎসব

আহ্বায়ক - মালদা ব‌ইমেলা লিটল ম‍্যাগাজিন কমিটি












© সৈয়দ নৌসাদ আলী


❑ একটি গাছের কথা


এসো, আজ একটি গাছের কথা বলি

যতবার সেই গাছের কাছে দাঁড়ায়

সে বলে, ভালোবাসা দিতে এসেছো !

সে আমার ডাকনাম জানতে চাইলো

আমি বললাম ভালোবাসা

সে আমার ঠিকানা জানতে চাইলো

আমি বললাম ভালোবাসা

সে আমার স্বপ্ন জানতে চাইলো

আমি বললাম ভালোবাসা।

গাছ বলল, তুমি কি শূন্যতা‌র মধ্যে হাঁটতে জানো !

তুমি কি মানুষের ক্ষয় দেখেছো !

মানুষের বেঁচে থাকা কিভাবে সমুদ্র‌কে চিঠি লেখে তুমি কি কখনো পাপকে ছুঁয়ে দেখেছো

যদি না ছুঁয়ে থাকো তাহলে

তুমি ভালোবাসা হতে পারোনা।

যে ভালোবাসা‌র বুক পাপের কষ্টে ভিজে‌নি

তার ঠিকানা ভালোবাসা হতে পারে‌না

ঠিকানা‌তো তাকেই বলে যেখানে

একজন অন্ধ গায়ক দো-তারায়

সমস্ত বিষ ঢেলে দেয়।


❑ উত্তরণ।

সব দেওয়ালে‌ই সর্বনাশের শ‍্যাওলা জমে আছে

পৃথিবী এবার দেখুক

কিভাবে গলে যাচ্ছে পাখি‌দের কঙ্কাল

ঘুমিয়ে আছে দুঃখ, ঘুমিয়ে আছে স্বপ্ন

শোক হাঁটছে মাইলের পর মাইল

ঈশ্বরের শিল্প ফুটছে দুঃখের হাঁড়িতে।

এরপরও প্রতিদিন স্টেডিয়াম ভরে উঠবে

এক্সট্রা কভারে ড্রাইভ করে কেউ

উইনার শিরোপা পাবে

কসাইয়ের দোকানে‌র সামনে

মন্ত্র‌পাঠ করবে সফিসটিকেটেড পুরোহিত

রবিবারের স্কুলে আসবে নতুন সিলেবাস

লুম্পেনদের ছবি বিজ্ঞাপন হবে।


❑ যে অন্ধকার ক‍্যালেন্ডারে সাজানো আছে

একটি ভাঙনের পর আর একটি ভাঙন আসে

প্রতিটি ভাঙনে লেখা থাকে পতনের নাম

একদিন আকাশে যারা মেধা লেখে

তারাও একমুঠো ছাইভষ্ম হয়ে মাটিতে মেশে।

একটি কালো‌ ছাতার বায়োডাটা‌র নীচে

গোটা সোমালিয়া ঘুমিয়ে থাকে

সোমালিয়া‌কে কেউ এখন সোহাগ করে‌না

সোমালিয়া একটি খিদে‌র নাম।

খিদে‌র ঊর্ধ্বে কেউ নয়

মেধা‌ও নতজানু হয়।

এই‌যে সাজানো অন্ধকার

মৃত্যু ঝুলে থাকে সেমিকোলনে

সোমালিয়া সেটা জানে।

সব কালো কালো নয়

আলোতে‌ও লেখা থাকে জীবনের কালো দাগ।


❑ দৃঢ়তা

মনটা তোমার লোহার রেলিং হলে

আমার ক্ষুধার্ত শরীর তোমার আঙুলের

নেলপালিশ‌ও স্পর্শ করতে পারবে‌না।


Comments


bottom of page