top of page

0012# কৃষ্ণ গহ্বরের নাগরিকত্ব

  • Writer: Sutarang Prakashana
    Sutarang Prakashana
  • Jul 26, 2020
  • 2 min read

রত্নদীপা দে ঘোষ

জন্ম ১৯৭২, কোচবিহার। বর্তমানে কর্ণাটকের বাসিন্দা।কলমের কুয়াশায় ভিজে ভিজে কী যেন খুঁজছেন। প্রবন্ধ? গদ্যেভোর? নিসর্গে-দেরাজ?

পিলসুজ-পাখি যারা আজো সঠিক সুরে আকাশকে ব্যবহার করতে পারেনি, তাদের? নাকি কবিতা? অথবা কবিতার মতো দেখতে অন্যকিছু? শতচ্ছিন্ন স্মৃতি? কোলাহল দোপাটি? হয়ত নিজেকেই। অথবা অন্য কাউকে। খোঁজাখুঁজি চলছে হন্যে হয়ে।

এই হন্যেটুকুই রত্নদীপা ।







© রত্নদীপা দে ঘোষ


❑ মরম পরশে তাঁরই গান

দশসমুদ্রে ভাসমান শান্তশ্রী, গমগমে স্বরে ভালবাসতে চেয়ে যেন মরে যাই

জানি, সেই পত্রাবলী বড় দুর্লভ। ধরণীকন্যার মিঠেবুলির মতোই দুর্লভ

তবু নিঃশ্বাসের আগাপাশতলায় হাঁটতে হাঁটতে কেয়ানদীর তীরে যেন ফেরার কথা ভাবি

ক্ষতস্থানের সেলাই ধুয়ে, পলক ভরা চোখের উচ্ছ্বাস। যেন শুনতে পারি অন্তরলীন বুকের দ’বাহু

অই চিরপ্রসন্ন অন্তরীক্ষ, বাঁশীহীন ওড়ার অলৌকিক যন্ত্রণা, হাসতে হাসতে কাঁদতে পারি যেন

শত তপস্যার পরেও জাগছে অহং-ঘড়ি। ছোটকাঁটা আর বড়কাঁটা।

গা থেকে খসছে হাড়ের মাটি। তড়িঘড়ি ঝরছে বিধাতার হাতপাখা

ক’জন মানুষ তবু এখনো ঠিক পাখিদের মতোই, ভুগছে ছলাৎছল

মাসকাবারি রাতে হয়তো তারা ডিঙিয়ে যাবে কৃষ্ণ গহ্বরের নাগরিকত্ব

তোমার গ্রহতারায় তাদেরই জন্যে ফুটবে কোয়াদার পুষ্পদৃশ্য, জন্ম নেবে বিরল প্রজাতি ভাস্কর

এদের মধ্যে কেউ না কেউ খুঁজে পাবে তোমাকে, কয়েকজন অকস্মাৎ আঁকবে হঠাৎ তোমার

চমকাচ্ছে লাবণি

তুমি মাঝে মাঝে হাসির বালিয়াড়ি দিচ্ছ ছুঁড়ে

শিকারির ছল শিকারের পা, ভিজছে বনাঞ্চল

সুভাষিত তুমি আছো, পররিযায়ী কুহুঘেরা চিরতরুণী

কী করে লুকিয়ে রাখি ফেনায়িত হৃদবিন্দু ফ্যানাকুহেলী

যতবার প্রশ্ন করি নিজেকে, বলো আমি কে?

আমার হয়ে উত্তর দাও তুমি, চিরচেনা সেই সমুদ্রমেয়ে

মাঝে মাঝে সূর্যের হাতঘড়ি ছুঁড়ে দাও আমার কবজিতে

মৃত্যুর চৌকাঠ পরোয়া বাজালে শুনি গৃহী কদম

আশায় চুবিয়ে রাখা উদ্ভিদ, স্বনির্বাচিত বেণুবসন্ত

হাতের নাগাল থেকে একটু দূরে পুন্যার্থীর চাতাল, শীর্ষদেশে আছেন পৈতৃক পৃথিবী

মুষলধারায় ঝরছে মায়ারোদ! সৎসকালগুলি বারবার ফিরিয়ে দিতেছে তিমিরবিনাশ

তোমার অমিতাক্ষর আখর আমাকে চেনায় দুঃখবোধের জলকন্যা

ময়ূরীবর্ষাই যে প্রধান রাগিণী, জানিয়েছে তোমার সঙ্গীত-জননী

কুসুমে-কুসুমে নিত্য হোলো চেনা অনিত্য চড়ুইভাতির বর্ণনা

গাছের সবুজ স্বর কীভাবে নীল হয় আক্রোশে, জানছি ক্রমশ

রমরমিয়ে চলছে তোমার পাঠশালা। স্কুলগণিত। নামতার কৌশল, বানানের নাট্যশালা।

কবে পড়াবে অ আ ক খ? সহজপাঠের আগে আমাকে নমো হতে শিখিও।

Comments


bottom of page