বিষাদ-সুন্দরী ও লালপদ্ম
- Sutarang Prakashana

- Jul 20, 2020
- 3 min read
© অমিতাভ দাস
বিষাদ-সুন্দরীর পাশে লেখক অমিতাভ রেখেছেন লালপদ্মকে । জীবন হল আনন্দ-বিষাদের লীলাক্ষেত্র । সেখানে পাঠক , আপনার দেখা হয়ে যাবে সুবিমলের সঙ্গে । সেই সুবিময় যে সমাজে হেরে যেতে যেতে নিজের কাছে জিতে যাওয়া একটি মানুষ । সে স্বপ্ন দেখে । কল্পনার পাখিকে উড়িয়ে দিতে জানে খাঁচা খুলে । অমিতাভ মধ্যবিত্ত জীবনের কথাকার । কণিকা , গঙ্গারাম , বাতিক-সুন্দর আমাদের মধ্যবিত্ত সমাজের প্রতিভূ ।তাঁর কাছ থেকে দেখা চরিত্ররাই গল্প হয়ে ওঠে । আসলে অমিতাভ জানেন সবার জীবনেই গল্প থাকে , গল্প আছে ।সেই সব লুকিয়ে থাকা গল্পকে তিনি খোঁজেন । তাঁদের মনের ভেতর যেতে চান । ইতিহাস তাঁর প্রিয় বিষয় । মাঝে মাঝে ঐতিহাসিক চরিত্ররা উঠে আসে
কবি ও গদ্যকার অমিতাভ দাসের কলমে । যেভাবে উনবিংশ শতকের রামমোহন ও সতীদাহ প্রথা উঠে এসেছে "সন্ধ্যার ধূসর অন্ধকারে"।

কণিকা, গঙ্গারাম, বাতিক-সুন্দর
আমাদের মধ্যবিত্ত সমাজের প্রতিভূ।
গল্প
চাঁদের আলো
সমস্যাটা চলছিল ওদের প্রেমের শুরু থেকেই । ব্যাপারটা নিয়ে আস্তিক খুব বিব্রত ছিল । দোয়েল অবিশ্যি নানা কথা বলে বোঝাতো । আস্তিক বোঝার চেষ্টা করত ও মেনে নিত ।
সমস্যাটা হল , যখনি দোয়েল আর আস্তিক ফোনে কথা বলত , তখন ই ওর মা নানা ছুঁতোয় দোয়েলকে ডাকত । বারবার মাঝপথে ওদের কথা কেটে যেত । প্রথম প্রথম মেনে নিলেও , পরে আস্তিক খুব রেগে যেত । আর ফোন করত না ।
বেশিদিন প্রেম করতে হয়নি । আস্তিক ইঞ্জিনিয়ার । চাকরি পেয়ে গেল । এমন সোনার টুকরো ছেলেকে দোয়েলের বাবা হাতছাড়া করতে চাননা বলেই , নিজে উদ্যোগ নিয়ে ওদের চারহাত এক করে দিলেন ।দিন পনেরো হয়েছে বিয়ে হয়েছে ওদের । অষ্টমঙ্গলা থেকে ফিরে হানিমুনে যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারেনি আস্তিকের অফিসের কারণেই । সে খুব ব্যস্ত মানুষ ।
দোয়েলের দিন ভালোই কাটছিল । সারাদিন মা , দাদা , বোনদের সঙ্গে কথা হয় । নতুন বিয়ে, শাশুড়ি এখনি দোয়েলকে রান্নাঘরে যেতে দেন না ।
ইদানীং একটু আগেই আস্তিক বাড়ি ফিরছে । খেয়ে শুয়ে পড়ছে সাড়ে এগারোটার ভিতর । সে দোয়েলকে খুব করে চায় । অনেক রকম ছোট- বড়ো আদরের পরিকল্পনা তার । কিন্তু কোনোটাই বাস্তবায়িত হয় না দোয়েলের জন্য । কারণ রোজরাতেই ওর মা ফোন করে গল্প করেন মেয়ের সঙ্গে । ফোন শেষে দোয়েল যখন বিছানায় আসে আস্তিক হয় ঘুমোও নতুবা এত রেগে থাকে যে আদর- টাদর কিছুই আর হয় না ।
সেদিন আস্তিক বললে , কাল থেকে রাতে ফোন অফ রাখবে ।
-- ছিঃ ছিঃ কী বলছো ? মা কী ভাববে !
-- কিছু ভাবার নেই । তিনি ভাববেন ,বিয়ের পর স্বামী- স্ত্রী যা করে , তাই করছে ।
-- না না , আমি এমনটা করতে পারব না । আচ্ছা , মাকে বলে দেব , মা যেন রাতে ফোন না করে ।
-- সেই ভালো বলে দিও ।
-- আরে , আমি রোজ বলি । মা শোনে না । আসলে মা আমাকে এত ভালোবাসে , সারাদিন কোথায় কী হল , আমাকে না বলে শান্তি পায় না । তাছাড়া সাংসারিক আলোচনা...
--আচ্ছা বুঝলাম বলে , দোয়েলকে কাছে টেনে নেয় আস্তিক । পাশে বসিয়ে পরম যত্নে ঠোঁটের পরে ঠোঁট রাখে । ধীরে ধীরে ঠোঁট নেমে আসে চিবুক ছুঁয়ে গলায় ।ডান হাতে শাড়িটা খসিয়ে স্তনের ওপর হাত রাখে আস্তিক । প্রবল এক আবেগে দোয়েল কাঁপতে থাকে ।তার চোখ বুজে আসে ।
...হঠাৎ করেই বেজে ওঠে দোয়েলের ফোন । স্ক্রীনে ভেসে ওঠে -- মা ।
দোয়েল চোখ খুলে হাত বাড়িয়ে ফোনটা নিতে যায় ।আস্তিক বিরক্তি প্রকাশ করে বলে , উফ্ , এই মহিলা শান্তিতে থাকতে দেবে না ।উঠে বাইরে চলে যায় আস্তিক সিগারেট ধরিয়ে ।
কিছুক্ষণ পর দোয়েল ফিরে এসে দাঁড়ায় ঝুল বারান্দায় , যেখানে আস্তিক দাঁড়িয়ে । বলে , সরি ।
আস্তিক ঘুরে দাঁড়িয়ে বলে , সরি মানে , কীসের সরি ? সরি বললে সব মিটে যায় ? আমার ইচ্ছে , আমার আবেগের কোনো দাম নেই ? কী চায় তোমার মা ?
খুব ধীর কণ্ঠে দোয়েল বলে , মা বলছিল , আমি যেন কয়েকদিন মায়ের কাছে গিয়ে থাকি । বলছিল , কাল যেন চলে যাই....
-- বাহ্ বাহ্ কী আবদার...আমার কী হবে শুনি ! নতুন বিয়ে , তোমাকে ভালো করে জানাই হল না...
--জানা নয় , বলো ভালো করে সেক্স করা হল না ...
--হ্যাঁ তাই...
সেক্স করার সময় কী চলে যাচ্ছে ? আমি কাল মায়ের কাছে যেতে চাই ।
-- হ্যাঁ হ্যাঁ যাও , চিরদিনের মতো যাও । আর ফিরতে হবে না । ডিভোর্স পেপার সময় হলে পাঠিয়ে দেব , বলে ঘরে এসে শুয়ে পড়ে আস্তিক |
দাঁড়িয়ে থাকে দোয়েল । ফাল্গুনের আকাশ । চাঁদের আলোতে ভরে আছে চরাচর । পাখি ডাকছে রাতের স্তব্ধতা ভেদ করে , চোখ গেল --- চোখ গেল--
দোয়েলের এখন খুব আদর পেতে ইচ্ছে করছে । আস্তিক খুব জেদি । ইচ্ছে করলেও আস্তিক ওকে আজ আর ছোঁবে না । সে তাকিয়ে আছে আস্তিকের দিকে । নিজেকে অপরাধী লাগছে । সে দেখছে চাঁদের আলো এসে চুঁইয়ে পড়েছে তাদের দু, জনের শরীরে ।সে চাঁদের আলো শরীরে মেখে নেয় ।
Book Details
Cover Design: Tushar Kanti Saha
Publisher: Sutarang Prakashana
Language: Bengali
ISBN: 978-81-939161-9-3
Published on: 2019
Price: 125.00
For Sale: Communicate 09564321311

Comments